বাংলা ছাড়া বলবো না,
বাংলা ছাড়া শুনবো না,
বাংলা ছাড়া দেখবো না,
বাংলা ছাড়া গাইবো না
--- তপোময় বিশ্বাস
*যত ভাষা, যত মত, রহিয়াছে যত পথ*
*সবারে শ্রদ্ধা মোরা করি অবিচল*
--- প্রভাত সঙ্গীত
আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক চেতনার সামনে, যার নাম-- ‘‘বাংলা ভাষা শহীদ দিবস’’৷ আমাদের ‘অমর একুশে ফেব্রুয়ারী’৷ পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী’র ভাষা আন্দোলনে যাঁরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জববার ও শফিউর অমর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাই৷ তাঁদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্ব, আমাদের আত্মমর্যাদা৷
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই--- ‘আমরা বাঙালী’ কোনো ভাষার বিরোধী নই৷ ভাষা মানবসভ্যতার সম্পদ৷ কিন্তু আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি ভাষা সাম্রাজ্যবাদের যে হিন্দী সাম্রাজ্যবাদ আজ হিন্দীকে চাপিয়ে দিয়ে বাংলা ভাষাকে কোণঠাসা করতে চায়৷ এই হিন্দী সাম্রাজ্যবাদ প্রশাসন, শিক্ষা, গণমাধ্যম ও সংস্কৃতির মাধ্যমে হিন্দী ভাষাকে চাপিয়ে আজ বাঙলার মাটিতে বাংলা ভাষাকে উপেক্ষা করে, আবদমন করে বাঙালী জাতিকে ভাসমান জাতিতে পরিণত করার নীল নকশা ছঁকেছে ! এযেন এক ‘নীরব আগ্রাসন’৷
আমরা মনে করিয়ে দিতে চাই ‘যে জাতি তার ভাষাকে হারায়, সে জাতি তার ইতিহাস হারায় যে জাতি তার ভাষাকে বিসর্জন দেয় সে জাতি তার ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়!’ --- কবে বুঝবে বাঙালী? আর কবে?
এই পরিস্থিতিতে বাঙালী জাতিকে বেঁচে থাকতে হলে, মাথা উঁচু করে দাঁড়াতে হলে, তার মাতৃভাষা বাংলা ভাষাকে রক্ষা করতেই হবে৷ ভাষা রক্ষা মানে কোনো তথাকথিত আবেগ নয় এটি অধিকার রক্ষার সংগ্রাম৷
তাই আজ, এই ‘‘বাংলা ভাষা শহীদ দিবসে’’ আমাদের শপথ-------
বাঙলার বুকে হিন্দী শোষণ মানবো না৷
*বাংলা ছাড়া বলবো না, *
*বাংলা ছাড়া শুনবো না, *
*বাংলা ছাড়া দেখবো না, *
*বাংলা ছাড়া গাইবো না৷*
------ আমরা বাংলায় ভাববো, বাংলায় লিখবো, বাংলায় কাজের অধিকার চাইবো৷
আমাদের সন্তানদের শেখাতে হবে *মাতৃভাষা লজ্জার নয়, গৌরবের৷*
আজকের এই শপথ কোনো বিদ্বেষের নয় *এটি আত্মরক্ষার শপথ৷*
এটি বিভেদের নয় এটি আত্মমর্যাদার৷
এটি ঘৃণার নয় এটি সাংস্কৃতিক স্বাধীনতার৷
চলুন আমরা ঐক্যবদ্ধ হই, সংগঠিত হই, সচেতন হই৷
চলুন আমরা ভাষা শহীদদের রক্তের ঋণ শোধ করার অঙ্গীকার করি৷
জয় বাংলা৷ জয় বাঙালী৷ আমরাও বাঙালী
- Log in to post comments