২০২৬সালে পশ্চিম বঙ্গ বিধানসভার নির্বাচন৷ নির্বাচনের অনেক আগে থেকেই একটা দাবি বৃহৎ সংখ্যক বাঙালীর মধ্যে থেকে উঠেছে৷ বাঙালীদের বাসভূমি যে রাজ্যে সেই রাজ্যের পঞ্চায়েত,পুরসভা, কর্র্পেরেশন, বিধানসভা কিংবা লোকসভা সব স্তরের নির্বাচনেই জনগণের প্রতিনিধি হিসেবে ভূমিপুত্র বাঙালীদের ১০০শতাংশ মনোনয়ন পাওয়া উচিত৷ কিন্তু তা সবসময় হচ্ছে না৷ বর্তমানে নির্বাচনের প্রাক্কালে এই দাবি জানানো হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে৷ বলা হচ্ছে বাঙালী অধ্যুষিত পশ্চিম বঙ্গে জনপ্রতিনিধি যাঁরা হবেন তাঁদের অবশ্যই স্থানীয় ও বাঙালী হওয়া উচিত৷ এলাকার মানুষের সাথে যোগাযোগহীন কোনো বহিরাগত (অন্য জেলার বা রাজ্যের) ব্যষ্টিকে প্রার্থী করা হলে বিভিন্নরকম সমস্যার সৃষ্টি হয়৷ যিনি এলাকার মানুষের সমস্যা বা প্রয়োজন সম্পর্কে ওয়াকিবহাল নন, যিনি পার্টির নেতাদের অঙ্গুলি হেলনে চলবেন এমন প্রার্থীর দ্বারা সেই এলাকার সঠিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়৷ যে এলাকায় যিনি প্রার্থী হবেন তিনি যদি সেখানকার ইতিহাস, ভূগোল কিছুই না জানেন,এলাকার মানুষজনকে না চেনেন তাঁর দ্বারা আর যাই হোক এলাকার ভালো কিছু হতে পারে বলে বিশ্বাস করা যায় না৷ এছাড়া তাঁকে সবসময় এলাকায় পেতেও সমস্যা হয়৷
মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব হচ্ছে তার নিজের মাটি বা এলাকার জন্য যতটা আকর্ষণ বা টান থাকে, তা অন্য এলাকার জন্য বা সেখানকার মানুষের জন্য ততটা থাকে না৷ তিনি যে দলের পক্ষ থেকেই নির্বাচিত হোন না কেন , সেই দলের স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণে থাকতে বাধ্য হবেন৷ তাঁর নিজস্ব চিন্তাভাবনার কোনো প্রতিফলন দেখা যাবে না সেই এলাকায়৷ আবার ভিন রাজ্য থেকে আসা মানুষজন যাদের মাতৃভাষা বাংলা নয়, তাদের কে সেই এলাকার মানুষ কখনোই তাদের নিজেদের প্রতিনিধি হিসেবে বা আপন বলে মন থেকে মেনে নিতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই মেনে নিতে বাধ্য হয়৷ রাজনৈতিক দলগুলো এই বিষয়টি একবারের জন্যও ভেবে দেখেন না,ভাবেন ক্ষমতার দ্বারা স্থানীয় মানুষকে নিয়ন্ত্রণ করে ফেলবেন৷ যেভাবে বাঙালীদের মধ্যে ধীরে ধীরে ভূমিপুত্রদের সর্বক্ষেত্রে অগ্রাধিকারের দাবি উঠছে, বেশিদিন আর রাজনৈতিক দলগুলো তা ঠেকিয়ে রাখতে পারবে না৷ কারণ এই দাবি ন্যায়সঙ্গত৷ বোটাররাও voter) ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে বাঙালী(ভূমিপুত্র) প্রার্থী ছাড়া বোট (vote) দেবে না কোনো বহিরাগত প্রার্থীকে৷
জনপ্রতিনিধিত্ব করার জন্য বয়স,শিক্ষাগত যোগ্যতা, অপরাধ মূলক কাজে যুক্ত কিনা তা দেখা যেমন দরকার পাশাপাশি সেই এলাকার বোটার ও বাঙালী (প:বঙ্গের ক্ষেত্রে ) হওয়াও আবশ্যক৷ নচেৎ যত বড়ো নেতাই হোন তাঁকে বোটে দাঁড়াবার টিকিট দেওয়া উচিত নয়৷ এরসাথে প্রত্যেক প্রার্থীকেই লিখিত ভাবে জানাতে হবে নির্বাচনে তিনি জয়ী হলে তাঁর এলাকার মানুষ ও পরিবেশের জন্য আগামী পাঁচ বছরে কী কী করবেন৷ সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার৷ নির্বাচিত প্রতিনিধিদের সবসময় এলাকায় পাওয়া
যাবে তার প্রতিশ্রুতিও তাঁদের দিতে হবে৷ এগুলোর অন্যথা হলে কোনোদিনই যাতে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা দরকার৷ এজন্য প্রয়োজনে নির্বাচনী আইন সংশোধন করা হোক৷ এবারের বিধানসভা নির্বাচনে বাংলা থেকেই শুরু হোক নতুনভাবে পথ চলা৷ বাঙালীদের মধ্যে থেকে উঠে আসা কিছু ন্যায়সঙ্গত দাবি মান্যতা পাক এবারের নির্বাচনে, যা আগামী দিনে সারা ভারতবর্ষকে পথ দেখাবে৷
- Log in to post comments