Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

পশ্চিম বঙ্গে ডবল ইঞ্জিন সরকার রাঢ় বাসীর দাবি এবার পূরণ হোক

বিশ্বদেব মুখার্জী

রাঢ় বাংলার মানুষসহ বাংলার অধিকাংশ মানুষ পোস্ত খেতে ভালোবাসেন৷ পোস্ত সহযোগে যেকোনো পদ (নিরামিষ বা আমিষ) যথেষ্ট উপাদেয়৷ এখন রাঢ়ের মানুষের পাত থেকে পোস্ত প্রায় উধাও হয়ে গেছে৷ ২০০০টাকা কেজি দরে পোস্ত বিক্রি হচ্ছে আজ অনেক দিন ধরে৷ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে উপকারী ও উপাদেয় এই পদটি৷ পোস্ত কে সহজলভ্য করার চেষ্টা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি কখনই৷ আফিম নামক মাদক পোস্ত’র বীজকোরকের আঠা থেকে পাওয়া যায় বলে সর্বত্র এর চাষ করার অনুমতি দেওয়া হয় না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে৷

পোস্ত চাষে কেন্দ্রীয় সরকারের আবগারি দপ্তরের বিধিনিষেধ আছে৷ সর্বত্র এই চাষ করা যায় না৷ পোস্ত র পাশাপাশি আফিম নামক নেশার দ্রব্য পাওয়া যায় বলেই এত বিধিনিষেধ৷ এই বিধিনিষেধের প্রয়োজনীয়তাকে স্বীকার করেই বলা যায় ভারতের চারটি রাজ্যে পোস্ত চাষ করা হচ্ছে যে নিয়ম মেনে সেই নিয়ম মেনেই এখানেও চাষ হোক৷ রাঢ় বাংলার মাটি পোস্ত চাষের অনুকূল৷ এখানে চাষের অনুমতি মিললে ২০০০ টাকা কেজি দরের চেয়ে অনেক কম দামে বাংলার মানুষ তাদের প্রিয় পোস্ত মাঝেমধ্যেই খেতে পারেন৷ পোস্ত চাষের মাধ্যমে রাঢ়বাসীর কিছুটা আর্থিক উন্নতিও ঘটবে৷ বর্তমানে পোস্ত কেনার জন্য রাঢ়ের মানুষের যে অর্থের বহিঃস্রোত ঘটছে তাও বন্ধ হবে৷ 

ডবল ইঞ্জিন সরকারের সুফল থেকে দীর্ঘ ৪৯ বছর বাংলার মানুষ বঞ্চিত, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার না থাকার কারণে বাংলা নাকি অনেক পিছিয়ে পড়েছে!এটাই বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী ও বিজেপি দলের নেতৃত্বের বক্তব্য৷ তাঁদের বক্তব্যের সূত্র ধরেই রাঢ় বাংলার মানুষ দেখতে চায় ডবল ইঞ্জিন সরকার এবার পোস্ত চাষের অনুমতি দিয়ে এখানকার চাষীদের আর্থিক উন্নতির পাশাপাশি কমদামে তাদের পছন্দের এই স্বত্ত্ব গুণসম্পন্ন খাদ্যটি তাদের নাগালে আনার ব্যবস্থা করেন কিনা৷ কেন্দ্রীয় সরকারের লাল ফিতের ফাঁস খোলা এখন নিশ্চিত অনেক সহজ৷ ডবল ইঞ্জিন সরকারের কারণে এক্ষেত্রে সুফল মেলা সহজ কিনা আগামী দিনেই তা বোঝা যাবে৷ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলা সহ বাঙলার অধিকাংশ মানুষ কম দামে পোস্ত কিনতে পারলে ও চাষীদের এখানে পোস্ত চাষের অনুমতি দিলে অবশ্যই ডবল ইঞ্জিন সরকারের গুণগান মানুষ করবে৷ আর আগের মতোই যদি বর্তমান সরকারের আমলেও একই রকম অবস্থা চলতে থাকে তাহলে বুঝতে হবে ডবল ইঞ্জিন সরকারের গল্প--- মানুষের স্বার্থে নয়,দলের স্বার্থেই ভালো৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved