অস্ট্রেলিয়ার পর এবার ফ্রান্স৷ শিশু-কিশোরদের জন্য নিষিদ্ধ হতে চলেছে সোশ্যাল মিডিয়া৷ এমনই বিল পাশ হয়েছে সেদেশের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’তে৷ যেখানে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সিরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না৷ শিশুদের মানসিক ও সামাজিক বিকাশ সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ৷
সোশ্যাল মিডিয়া নিয়ে স্থানীয় সময় সোমবার দীর্ঘ আলোচনা হয় ফরাসি পার্লামেন্টে৷ রাতে হয় ভোটাভুটি৷ সেখানে বিলটির পক্ষে ১৩০টি এবং বিপক্ষে ২১টি ভোট পড়ে৷ এবার বিলটিকে ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে৷ বিলটি আইনসভায় পাশ হয়ে গেলে ২০২৬ শিক্ষাবর্ষেই তা আইন হিসেবে কার্যকরের পরিকল্পনা করেছে ফ্রান্স সরকার৷ তখন ১৫ বছরের কম বয়সিরা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবে না৷ আর যাদের অ্যাকাউন্ট আছে, সেগুলি বন্ধ করে দেওয়া হবে৷
সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলকে সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ৷ এক্স-এ তিনি লিখেছেন, ‘এটি ফরাসি শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ৷’ যদিও সরকারের এহেন পদক্ষেপের সঙ্গে সহমত নয় দেশের শিশু সুরক্ষা সংগঠনগুলি৷ এমন ন’টি সংগঠনের বক্তব্য, সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ না করে বরং এই কোম্পানিগুলিকে জবাবদিহির আওতায় আনা হোক৷