বাংলার কৃষ্টি সভ্যতা সংস্কৃতি আজ চরম সংকটের সম্মুখে৷ দেশীয় পুঁজিপতি গোষ্ঠী বাংলা ও বাঙালীকে ধবংস করার যে চক্রান্ত স্বাধীনতার অনেক আগে থেকে নিয়েছে, সেই চক্রান্তের ষোলকলা পূর্ণ হয়ে এল বলে৷ কয়েক বছর আগেও রাম হনুমান বাঙলা মহাকাব্যের পাতায় সীমাবদ্ধ ছিল৷ বাঙলার সভ্যতা মূলতঃ শৈব তন্ত্র ভিত্তিক সভ্যতা৷ আজ থেকে প্রায় ৭ হাজার বছর আগে সদাশিব আবির্ভূত হয়েছিলেন ভারতে৷ তিনি সভ্যতার জনক ও জাতির পিতা৷ তাঁর সহজ সরল অনাড়ম্বর জীবন, সাধারণ মানুষের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছিল৷ তাই শিব ছিলেন সর্বসাধারণের প্রাণের দেবতা৷ শৈব প্রভাবেই বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি সমাজ চেতনায় ভারতের অন্যান্য জনগোষ্ঠী থেকে অনেক এগিয়ে যা পুঁজিপতি শাসকগোষ্ঠীর মোটেই কাম্য নয়৷ কারণ শৈব প্রভাবে সমাজ চেতনা সম্পন্ন জনগণকে শোষণ করতে অনেক কাঠখড় পোড়াতে হবে৷ তাই তারা শিবকে সরিয়ে মহাকাব্যের দুই চরিত্র রাম হনুমানকে সামনে এনেছেন, তাই রাম মূলতঃ দেশীয় পুঁজিপতিদের দেবতা৷ তারা উত্তর ও পশ্চিমভারতে রামকে জনপ্রিয়তার আসনে বসাতে পারলেও দক্ষিণপূর্ব ভারতে রামের অনুপ্রবেশ ঘটেনি৷ দক্ষিণভারতে সম্ভব না হলেও আজ পূর্বভারতে অনেকেটাই সফল হয়েছে৷ এর পেছনে সদ্য প্রাক্তন রাজ্য সরকারেরও কিছুটা অবদান আছে৷ তারা বিজেপিকে রুখতে রামের পাল্টা রাম পূজোতেই মেতেছে৷ এতে বিজেপির পথ আরও সুগম হয়েছে৷
২০২৬ বিধানসভা নির্বাচন সেটাই দেখলে, আমার মনে হয় রামকে ছেড়ে শাসকদলের নেতারা যদি শিবকে ধরে গাজন উৎসবে মাততেন তাতে বিজেপির মতো তীব্র বাঙালী বিদ্বেষী ও হিন্দি সাম্রাজ্যবাদীর প্রতিভু দলকে রোখা অনেক সহজ হতো৷ তা না করে যেভাবে শাসকদল রাম পূজা ও হিন্দি বিশ্ববিদ্যালয় নিয়ে মেতেছে তাতে উত্তর ও পশ্চিম ভারতের বিকৃত সংস্কৃতির স্রোত প্রবেশের পথ পেল৷ সবচেয়ে করুণ অবস্থা সাধারণ মধ্যবিত্ত বাঙালীর, তারা যেন মুক বধির হয়ে গেছিল৷ সেই ছিদ্রপথেই এরাজ্যে বিজেপির প্রবেশ৷
পরম শ্রদ্ধেয় দার্শনিক ঋষি শ্রী প্রভাতরঞ্জন সরকার বাংলার দুরাবস্থা বর্ণনা করতে গিয়ে তিনটি প্রশ্ণ তুলেছিলেন৷ সংস্কৃত ও বাংলা ভাষায় ছিল প্রশ্ণগুলি আমি সেভাবেই লিখছি, শব্দগত ও ব্যাকারণগত ভুল থাকলে সে ত্রুটি আমারই৷
প্রশ্ণ তিনটি এইরকম---‘‘কথং দলিত সি’’? ‘‘কথং মু-কাসি’’? ‘‘কথং ক্রন্দ্রসি’’? মাতো বঙ্গভূমি৷ কেন তুমি শোষিত? কেন তুমি বোবা? কেন তুমি কাঁদছ? মা আমার বাংলাভূমি৷ কথাগুলোর তাৎপর্য সেদিন বুঝিনি৷ আজ সারা বাঙলা জুড়ে যে উদ্যাম নাচ ও রাম রাম চিৎকার, অপরদিকে বাঙালীকে নীরব দর্শক দেখে উপরের প্রশ্ণগুলি মনে এল৷ প্রশ্ণগুলিতো শুধু বাঙলা মাকে নয়৷ দেশ মাতৃকাতো একটি ভৌগোলিক সীমামাত্র৷ পূর্বে আরাকান থেকে পশ্চিমে পরেশনাথ পাহাড়, উত্তরে হিমালয়ে ও দক্ষিণে বঙ্গোপসাগর এই বিস্তীর্ণ ভূখণ্ডে মাটির মানুষের কাছে প্রশ্ণগুলি৷ তাদের চোখের সামনে তারই ভাষা-সংস্কৃতির ওপর এই নির্যাতনে নীরব দর্শক হয়ে থেকে গেল৷ এই অবস্থা বেশীদিন চলতে দিলে বাঙালীর অস্তিত্বই বিপন্ন হবে৷ বাঙালী কোনদিনই রামভক্ত ছিল না৷ বাঙলার প্রতি গ্রামে আজও শিবমন্দিরই অবস্থিত৷ তবু সেই বাঙলায় ভিনরাজ্য থেকে রাম কালচার অনুপ্রবেশ করিয়ে বাংলা ভাষাকৃষ্টি-সংস্কৃতিকে ধবংস করার এ এক বিরাট চক্রান্ত৷ অবিলম্বে এই বিকৃত সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে না পারলে বাংলাভাষা কৃষ্টি-সংস্কৃতি বিপন্ন হয়ে পড়বে৷ শুধু তাই নয়, বাঙালী জাতিটাই বিলুপ্ত হয়ে যাবে৷
- Log in to post comments