ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, ভাষা একটি জাতির পরিচয়, সংস্কৃতি, ইতিহাস ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকে৷ আজ দেশের বিভিন্ন জায়গায় বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে৷ অনেকের মনে ইচ্ছাকৃতভাবে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাংলা নাকি শুধু বাংলাদেশের ভাষা, ভারতের নয়৷ অথচ সত্য হলোবাংলা ভারতের অন্যতম প্রাচীন, সমৃদ্ধ ও সাংবিধানিক স্বীকৃত ভাষা৷ ভারতের সাহিত্য, সঙ্গীত, স্বাধীনতা আন্দোলন ও সংস্কৃতিতে বাংলা ভাষার অবদান অপরিসীম৷
Rabindranath Tagore– Bankim Chandra Chattopadhyay– Kazi Nazrul Islam সহ অসংখ্য মহান ব্যক্তিত্ব বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বদরবারে সম্মানিত করেছেন৷
ঝাড়খণ্ডের মতো অঞ্চলে, যেখানে মানভূম, সাঁওতাল পরগনা ও সিংভূমের ইতিহাসের সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে, সেখানে স্থানীয় ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি৷ অন্য রাজ্য থেকে মানুষ জীবিকার জন্য আসতেই পারেন, এটি দেশের গণতান্ত্রিক অধিকার৷ কিন্তু একই সঙ্গে স্থানীয় সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখানোও সমানভাবে প্রয়োজন৷ যখন কোনো অঞ্চলের মূল ভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধীরে ধীরে দুর্বল করার চেষ্টা হয়, তখন স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়৷
তবে আমাদের উচিত নয় কোনো নির্দিষ্ট রাজ্য বা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো৷ বরং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজের ভাষা, সংস্কৃতি ও অধিকারের পক্ষে সচেতনতা গড়ে তোলা দরকার৷ বাংলা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের ঐতিহ্য, আত্মপরিচয় ও গর্বের প্রতীক৷
ভারতবর্ষ বহুভাষা-ভাষী জনগোষ্ঠীর একটি যুক্তরাষ্ট্র৷ তাই এখানে কোন ভাষাকে অধিক গুরুত্ব দিলে পরিনাম ভালো হবে না৷ প্রতিটি ভাষাকে সমমর্যাদা দিয়ে পরস্পর সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে ভারতের সংহতি দৃঢ় করতে হবে৷ কোন একটি ভাষাকে অধিক গুরুত্ব দিয়ে ঐক্যের ভিত গড়তে গেলে ফল বিপরীত হতে পারে৷
ভাষা মনের ভাব প্রকাশের মাধ্যম৷ প্রাউট প্রবক্তা ভাষা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন---‘ভাষা মানুষের অন্তরের অন্তরের ভাবপ্রকাশের এক শক্তিশালী মাধ্যম৷ এই ভাষা মানুষের প্রাণীন সম্পদ--- যা তার প্রাণধর্ম অর্থাৎ সত্তাগত বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত৷’’
- Log in to post comments